চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। রোববার (২৮ সেপ্টেম্বর) জিলিন প্রদেশের চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এ রায় ঘোষণা করে। তবে তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর না করে দুই বছরের জন্য পর্যবেক্ষণে রাখা হবে তাকে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনে এ ধরনের সাজা সাধারণত দুই বছর পর যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। ভালো আচরণের জন্য সাজা আরও হ্রাস করার সুযোগও থাকে।
কোর্টের রায়ে বলা হয়, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর ও পরে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তাং রেনজিয়ান ব্যবসায়িক কার্যক্রম, প্রকল্পের চুক্তি এবং চাকরির সমন্বয়ে সুবিধা দেওয়ার বিনিময়ে ২৬৮ মিলিয়ন ইউয়ান (৩৭.৫৭ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেন।
রায়ের সঙ্গে সঙ্গে তার সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। আদালতের নির্দেশে অবৈধ উপার্জন রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
আদালত আরও জানায়, তার অপরাধের পরিমাণ এত বিশাল যে তা দেশ ও জনগণের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়েছে। তবে তিনি স্বেচ্ছায় তদন্তকারীদের কাছে অতিরিক্ত ঘুষের তথ্য প্রকাশ করেছেন এবং অবৈধ সম্পদ ফেরত দিতে সম্মত হয়েছেন—এ কারণে শাস্তি কার্যকরে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে।
চংকিংয়ের বাসিন্দা ৬৩ বছর বয়সী তাং ১৯৮৩ সালে কর্মজীবন শুরু করেন এবং ১৯৯১ সালে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। কয়েক দশক ধরে কৃষি খাতে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা ২০২৪ সালের মে মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখোমুখি হন। পরে জুলাইয়ে প্রকাশ্যে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ডেস্ক 




















