শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং ঐক্য ও সম্প্রীতির প্রতীক।”
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, সনাতনী বিশ্বাস অনুযায়ী দুর্গার মূর্তিতে ধন-সম্পদের দেবী লক্ষ্মী, জ্ঞানের দেবী সরস্বতী, বীরত্বের প্রতীক কার্তিক, সাফল্যের প্রতীক গণেশ ও শক্তির প্রতীক মহাদুর্গা মিলিতভাবে অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির প্রতিচ্ছবি রয়েছে।
তিনি উল্লেখ করেন, জাতি হিসেবে উন্নতির জন্য ঐক্যের বিকল্প নেই। বিভক্ত হলে অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব নয়। ঐক্যবদ্ধ হলে কেউই জাতিকে দমিয়ে রাখতে পারবে না।
দুর্গাপূজা উপলক্ষে এ বছরও দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে জানিয়ে ইউনূস বলেন, সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় উৎসব আরও আনন্দঘন হবে। তবে এ সময়ে কোনো দুর্ঘটনা, নাশকতা বা আতঙ্ক যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি উৎসবের নিরাপত্তায় নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বিদেশে থাকায় তিনি সরাসরি উপস্থিত হতে না পারলেও শুভেচ্ছা ও অভিনন্দন সবার সঙ্গে রয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশের যে যাত্রা শুরু করেছি, তা সফল করতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে সম্প্রীতির জয় হোক—এই প্রার্থনা করি।”
নিজস্ব প্রতিবেদক 















