ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানসহ আরও দুই প্রার্থী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে টিএসসি ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই অভিযোগ করেন। প্রার্থীদের দাবি, তাদের উপস্থিতিতে ভোট গণনা করতে হবে এবং গণনার প্রতিটি ধাপ স্বচ্ছভাবে প্রদর্শন করতে হবে।
আবিদুল ইসলাম খানের সঙ্গে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম, এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ সময় ছাত্রদলের আরও নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
অভিযোগকারীরা জানান, টিএসসি ভোটকেন্দ্রের সামনে থাকা এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স প্রদর্শন করা হয়নি। তারা গণনা দেখতে হলে ভেতরে ঢোকার অনুমতি চান। তবে প্রশাসন বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থানের পর তারা টিএসসি থেকে মিছিল বের করেন এবং সিনেট ভবনের দিকে অগ্রসর হন। এ সময় “ভোট চোর ভোট চোর, জামায়াত শিবির ভোট চোর” স্লোগানে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদুল ইসলাম খান বলেন, “আমরা শুনেছি শিবিরের প্রার্থীরা ভোটকেন্দ্রে গিয়ে গণনা দেখছেন। কিন্তু আমরা কেন পারব না? প্রশাসনের প্রতি আস্থা রাখা কঠিন হয়ে যাচ্ছে।”
ঘটনার সময় টিএসসির সামনে স্থাপন করা এলইডি স্ক্রিন বন্ধ ছিল। পরে রাত পৌনে আটটার দিকে সেটি চালু করা হয়।
নিজস্ব প্রতিবেদক 









