যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ফখরুল বলেন, “নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করে, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।” তিনি আরও উল্লেখ করেন, “আওয়ামী লীগ অতীতে যা কিছু করেছে, তার সবই আইনের মাধ্যমে বিচার হবে। তাই দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরতে হবে।”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান আখতার হোসেন। সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সেখানে বিক্ষোভ ও কটূক্তি করেন। এরপর পরপর দুটি ডিম নিক্ষেপ করা হলে সেগুলো আখতার হোসেনের পিঠে লাগে। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পথ এগিয়ে যান।
নিজস্ব প্রতিবেদক 















