জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রংপুরে জাপার অফিসে হামলার চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি স্পষ্ট করে বলেন, “জাতীয় পার্টিকে দুর্বল ভেবে আক্রমণ করতে এলে হাত-পা ভেঙে দেওয়া হবে।”
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে। ঢাকায় কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিলে সংঘর্ষের ঘটনাও সেই ষড়যন্ত্রেরই অংশ। এ ঘটনায় নুরুল হক নুরসহ বহু নেতা-কর্মী আহত হয়েছেন।
মোস্তফা বলেন, “জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফল করার সক্ষমতা রাখে বলেই প্রতিপক্ষরা আতঙ্কিত। তাই একের পর এক চক্রান্ত হচ্ছে। আমাদের দমন করতে চাইলেও জনগণই ঠিক করবে তারা কাকে চাইবে।”
এদিকে, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) রংপুরে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারের মদতেই এই হামলা চালানো হয়েছে। তারা নুরের ওপর হামলার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক 














