জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে দেশে ভোট বাধাদানের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার বলেন, “আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে তারা ভোটে বাধা দেওয়ার জন্য আস্তে আস্তে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এটা স্বাভাবিক, কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে।”
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে—এমন মন্তব্যকে ভুল ধারণা হিসেবে আখ্যা দেন জাপা মহাসচিব। তিনি বলেন, “অনেকে বলছেন আমাদের ভোট বেড়ে যাবে, কিন্তু এখানে অনেক যদি–কিন্তু আছে। যদি একতরফা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোট দমন করবে, বাধা দেবে। তখন অন্যকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে?”
“বাংলাদেশে অতীতে যত একতরফা ভোট হয়েছে, সেখানে যারা বাদ পড়েছে বা অংশ নেয়নি, তারা ভোট থেকে বিরত থেকেছে। কার্যত ভোট বাধাগ্রস্ত হয়েছে।”
জাতীয় পার্টির অবস্থান, দলের শক্তি প্রসঙ্গে শামীম হায়দার বলেন, “জাতীয় পার্টিকে এখনই শক্তিশালী বলা যাবে না। নিজেদের সংগঠন গোছাতে হবে, শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে।”
নিজস্ব প্রতিবেদক 














