ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশ কেবল বাঙালিদের নয়, বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”
শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহসহ ১২ জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত এ সম্মেলনে পাহাড়ি ও সমতলের জনগোষ্ঠীর অংশগ্রহণ ঘটে।
তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সুযোগ সহজ করা হবে এবং প্রতিটি কমিটিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি ক্ষুদ্র জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও সংস্কৃতি রক্ষাকে সমান গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “জাতীয় উন্নয়নের যাত্রায় আপনাদের অধিকার ও অংশগ্রহণ অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা হবে।”
তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিরিশিরি কালচারাল একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।
সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার দমন-নিপীড়নের রাজত্ব কায়েম করেছে। তবে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সমঅধিকারভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, “নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, উগ্রবাদ মাথাচাড়া দিতে চাইছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক 















