বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিপক্ষ যারা নানা শর্তের বেড়াজালে বিএনপির বিজয় ঠেকাতে চাইছেন, তাদের উদ্দেশে বলতে চাই—“রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, জনগণের উত্তরণের যাত্রা সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও, নির্বাচনকে কেন্দ্র করে নিত্যনতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে সংশয় তৈরি করছে।
তিনি অভিযোগ করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন আশঙ্কায় ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্রে লিপ্ত। কিছু পক্ষও বিএনপিকে ঠেকানোর রাজনীতি করছে।
বিএনপি নেতা প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, “যারা শর্তের বেড়াজালের কথা বলছেন, তাদের বলবো—রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।”
পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতি এ ধরনের নির্বাচনের জন্য উপযুক্ত নয়। ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য, আর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংকট সমাধান সম্ভব।
তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা দিচ্ছেন। “গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না, যাতে পলাতক স্বৈরাচার সুযোগ নেয়।”
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সমর্থন কামনা করে তারেক রহমান বলেন, ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যেন রাজনীতি করতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে হবে।
নিজস্ব প্রতিবেদক 















