পেশাগত দায়িত্ব পালনকালে জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের দেওয়ানগঞ্জ প্রতিনিধি শামছুল হুদা রতনকে মারধর করার অভিযোগ উঠেছে ফারুক আহম্মেদ নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে।
১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১.৩০ ঘটিকার দিকে উপজেলার চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে মারধর, তাদের বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।
এসব সহিংসতার ঘটনার তথ্য সংগ্রহ করতে মণ্ডল বাজার এলাকায় গেলে সেখানে সাংবাদিক শামছুল হুদা রতনের ওপর চড়াও হন যুবদল নেতা ফারুক আহম্মেদ। একপর্যায়ে ফারুকের নেতৃত্বে সাংবাদিক রতনকে মারধর করা হয়। বিষয়টি জানাজানি হলে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু ঘটনাস্থলে উপস্থিত হয়ে শামছুল হুদা রতনকে উদ্ধার করে।
ভুক্তভোগী সাংবাদিক শামছুল হুদা রতন বলেন, দেওয়ানগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতৃত্বে জামায়াত নেতা-কর্মীদের বসতবাড়ি দোকানপাটে হামলা ভাঙচুর করা হচ্ছে মর্মে খবর পাই। পরে ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে যুবদল নেতা ফারুক আহমেদের নেতৃত্বে আমার ওপর হামলা করে। বিষয়টি নিয়ে আমাদের প্রেসক্লাবে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 













