মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোর ৬.০০ ঘটিকার সময় জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের কয়েক ঘন্টা পরেই স্থানীয় জনসাধারণ ও জুলাই ঐক্য নেতাদের তোপের মুখে পড়ে।
এ সময় স্থানীয় জনসাধারণ ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা পরিত্যক্ত কার্যালয়টিতে উপস্থিত হয়ে আওয়ামী লীগের ব্যানারসহ দলীয় পতাকা অপসারণ করে ফেলে এবং সেখানে পাবলিক টয়লেটের ব্যানার লাগিয়ে কার্যালয়ের সামানে অগ্নিসংযোগ করে।
জানা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ব্যানার লাগিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে পরে সেখানে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করে। এই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। জুলাই ঐক্যের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠে। স্থানীয় জনসাধারণ এবং জুলাই ঐক্যের নেতাকর্মীরা একত্রিত হয়ে কার্যালয় থেকে ব্যানার অপসারণ করে পাবলিক টয়লেটের সাইনবোর্ড উত্তোলন করে এবং কার্যালয়ের সামনে অগ্নি সংযোগ করে।
এ সময় ফ্যাসিবাদ বিরোধী একটি মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
জুলাই ঐক্য বকশীগঞ্জ ব্যানারে নেতৃত্ব দেন শাহরিয়ার আহম্মেদ সুমন, শাহিদুল ইসলাম সানি, কাজল, আমির হুসেন, সিদ্দিক,মমিন, আদিল আব্দুল্লাহ সিয়াম সওদাগরসহ গণঅধিকার পরিষদ ও জুলাই ঐক্য বকশীগঞ্জের নেতাকর্মীরা।
এ সময় জুলাই ঐক্য বকশীগঞ্জের নেতা সাইদুল ইসলাম সানি বলেন, বগারচর ইউনিয়নে পরিত্যক্ত এ কার্যালয়ে ভোরে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল আমরা ফ্যাসিবাদকে কোনভাবেই বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠিত হতে দেবো না এখন থেকে এ কার্যালয়কে আমরা পাবলিক টয়লেট ঘোষণা করলাম। বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যদি নিগোশিয়েটের মাধ্যমে ফ্যাসিবাদকে পুনঃ প্রতিষ্ঠিত করতে চান তাহলে জনগণ এর বিচার করবে।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 












