একসময় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে মেয়েদের মাঠে নামা যেন ছিল এক অঘোষিত সামাজিক নিষেধাজ্ঞা। সাতক্ষীরার উপকুলীয় এলাকা যেখানে নদীর লোনা পানি, ঘূর্ণিঝড়ের ক্ষত, দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তনের ভয়, একাকার হয়ে মানুষের দৈনন্দিন জীবনকে তিলে তিলে শেষ করেছে। এখানকার মেয়েদের জন্য মাঠ মানে শুধু খেলা নয় বরং সামাজিক চোখরাঙানি, পরিবার ও সম্প্রদায়ের বিধিনিষেধ। “মেয়ে হয়ে খেলতে যাবে কেমন করে?”-এই ধরনের কথার কারণে কত স্বপ্ন অর্ধেকেই থেমে গেছে।
টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরা জেলার `স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)’ নামক প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা বিষয়ে এডভোকেসি সভার আয়োজন করা হয়। অর্থায়নে সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (SDC) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF)।
প্রকল্পে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে শারীরিক, মানসিক এবং মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি করা, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, শিশু ও যুবক যুবতীদের অংশগ্রহণমূলক ও একটি সহায়ক পরিবেশ তৈরি করা। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সভা, নিয়মিত খেলাধূলার সেশন আয়োজন ও পরিচালনার মাধ্যমে তাদের জীবনমান, নেতৃত্ব বিকাশ, মানসিক ও শারীরিক স্বাস্থ্যে উন্নয়ন করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঝুঁকিপর্ণ অভিগমন হ্রাস, সুরক্ষা ইত্যাদি বিষয়ে কাজ করা।
সাতক্ষীরা জেলার ০৫টি উপজেলার ১৫টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত কারণে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ও ক্ষতির শিকার জনগোষ্ঠীর পরিবারের ২৭০০ জন ( ছেলে ১৩৫০ এবং মেয়ে ১৩৫০ জন) শিশু ও যুবদের অংশগ্রহণে ১৮০ টি গ্রুপের মাধ্যেমে গত ০৪ মাস ব্যাপী ‘সুরক্ষার জন্য ফুটবল কারিকুলাম গাইড’ এবং ‘সুরক্ষার জন্য গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা কারিকুলাম গাইড’এ অর্ন্তভূক্ত নিরাপদ খেলার মাধ্যমে ১৮টি সেশনের মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবন দক্ষতা অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয় উপসচিব শাহ আবদুল সাদী। সদর উপজেলা নির্বাহী অফিসার
অর্নব দত্তের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক ফিফা রেফারি ও আন্তর্জাতিক ক্রীড়া পুরষ্কার প্রাপ্ত তোয়েব হাসান বাবু,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম সহ আরো অনেকে।
প্রধান অতিথি শাহ আবদুল সাদী বলেন এই প্রকল্পে শুধু খেলা নয়, খেলাকে একটা অন্যতম টুলস হিসাবে ব্যবহার করে সামাজিক বাঁধা অতিক্রম করে আজ ছেলেদের সাথে মেয়েরা সকল বাধা অতিক্রম করে নিজেদের সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করছে। আমি তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা অব্যহত রাখবো।
তিনি আরও বলেন, যে মাঠে খেলতে শেখে, সে জীবনে হেরে যায় না। SPiRiT প্রকল্প মেয়েদের ঘর থেকে মাঠে এনেছে, তাদের ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে, এবং নিজস্ব পরিচয় ও আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করেছে। আজ তারা যে অবস্থান থেকে শুরু করেছে, সেই পরিবর্তন যেন অব্যাহত থাকে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার, স্পিরিট কল প্রকল্প, সাতক্ষীরা।
সাতক্ষীরা প্রতিনিধি 















