সাতক্ষীরা জেলাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জেলা হিসেবে গড়ে তুলতে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সাতক্ষীরা। “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় তরুণ স্বেচ্ছাসেবীরা জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।
সংগঠনটির জেলা সমন্বয়ক অর্পন বসু বলেন,“সাতক্ষীরা আমাদের পরিচয়। একে পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। বিডি ক্লিন কেবল ময়লা পরিষ্কার করছে না, এটি মানুষের অভ্যাস পরিবর্তনের একটি সামাজিক আন্দোলন। সরকার একা শহর পরিষ্কার রাখতে পারে না, নাগরিকদের সচেতনতা ছাড়া তা সম্ভব নয়।”
জেলা সহ-সমন্বয়ক সালেহা জান্নাত বলেন,“একটি সুস্থ জাতি গঠনে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। আমরা চাই সাতক্ষীরার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার শিক্ষা গ্রহণ করুক। প্রতিটি পরিবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে পুরো জেলাই বদলে যাবে।”
আইটি ও মিডিয়া উইংয়ের উপ-সমন্বয়ক তানভীর জামান নাফিজ জানান,“আমাদের কার্যক্রম শুধু মাঠে সীমাবদ্ধ নয়। আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সচেতনতার বার্তা মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি। স্মার্ট বাংলাদেশ মানে শুধু প্রযুক্তি নয়, পরিচ্ছন্ন শহরও।”
সাতক্ষীরা সদর উপজেলা উপ-সমন্বয়ক শেখ শাহরিয়ার আনজুম সিফাত বলেন,“সদর উপজেলা জেলা কেন্দ্র হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বেশি। আমরা গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় নিয়মিত সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি।”
দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের উপ-সমন্বয়করাও জানান, উপজেলার পর্যটন কেন্দ্র, নদী তীরবর্তী এলাকা ও বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা বলেন, স্থানীয় জনসাধারণের সহযোগিতাই এই আন্দোলনকে সফল করতে পারে।
বিডি ক্লিন সাতক্ষীরার নেতৃবৃন্দ মনে করেন, তারুণ্যের শক্তি ও নাগরিক সচেতনতার সমন্বয় ঘটালেই সাতক্ষীরাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
মোঃ হাফিজুল ইসলাম 














