যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সড়কেই ঝরে গেল দুজনের প্রাণ। এ সময় আহত হন আরও দুজন। রোববার (৬ জুলাই) দুপুরে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে। চালকের নাম আব্দুল গণি (৩৫)। তিনি উপজেলার চালুয়াহাটি এলাকার খোকন মোড়লের ছেলে।
নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালের দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪৫) ও গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া (২৭)।
আহতরা হলেন- মনিরামপুরের গোপালপুর গ্রামের মো. শোয়েব আক্তার (৩০) ও জালঝাড়া গ্রামের ইব্রাহিম গাজী (৩০)।
প্রত্যক্ষদর্শী নিকমাল হোসেন ও আবদুল গফুর জানান-যাত্রীবাহী বাসটি মনিরামপুর বাজার হয়ে যশোরে যাচ্ছিল। আর একটি ভ্যান যাত্রী নিয়ে মনিরামপুর বাজারের দিকে আসছিল। বাসটি কলেজ মোড়ে এলে ভ্যানের সামনে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান রতন। এরপর বাসটি পালিয়ে যেতে চাইলে পথচারী নাজমুল শেখ বাধা দিতে চান। তখন বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান নাজমুল।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে ও আহতদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আব্দুল গনিকে (৩৫) আটক করা হয়েছে।
এস আর নিরব 














