শহীদ রাব্বি পারভেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর জমকালো ফাইনাল ম্যাচ আগামী ১ আগস্ট মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই জনপ্রিয় টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সর্বত্রই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ধনাগোদা স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক ও ছাত্রনেতা হাবিবুর রহমান (হাবিব)। তিনি বলেন,
“ আপনারা জানেন গত বছরে জুলাই আগষ্টে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মতলবের দুই ছাত্র নেতা রাব্বি ও পারভেজ শহিদ হয়েছে। তাদের স্মরণে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি খেলা নয়, এটি শহীদ রাব্বি পারভেজের স্মৃতি ধরে রাখার একটি প্রয়াস। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য। আমরা প্রতি বছর এই টুর্নামেন্ট অব্যাহত রাখবো।”
টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও চাঁদপুর জেলা বিএনপি সদস্য অধ্যাপক মাহবুব আহমেদ শামীম সরকার।
এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, হাবিবুল বাসার সুমন, এবং জাতীয় দলের আরও একাধিক সাবেক ও বর্তমান ক্রিকেট তারকা।
খেলা উপলক্ষে স্থানীয় এলাকাবাসী, তরুণ-যুবক, শিক্ষার্থী ও ক্রীড়া অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আয়োজক কমিটি ইতোমধ্যে মাঠ প্রস্তুত, নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের সকল প্রস্তুতি শুরু হয়েছে।
এ সময় আয়োজক হাবিবুর রহমান হাবিব জানান,
“আমরা চেষ্টা করছি এমন একটি আয়োজন করতে, যা স্মরণীয় হয়ে থাকবে সকল ক্রীড়াপ্রেমীদের কাছে। জাতীয় তারকাদের উপস্থিতি এবারের ফাইনালকে করবে আরও আকর্ষণীয়।”
উল্লেখ্য, শহীদ রাব্বি পারভেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর প্রথম সিজন শুরু হয়েছে। এলাকার তরুণ সমাজের মধ্যে খেলাধুলার চেতনা ও মূল্যবোধ জাগিয়ে তুলতে এ টুর্নামেন্ট ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
মতলব উত্তর প্রতিনিধি 










