আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা–২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পারুলিয়া বাসস্ট্যান্ডে পারুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা রাজনীতি করি। পারুলিয়াসহ সাতক্ষীরা–২ আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, কোনো ভয়-ভীতি বা প্রলোভন দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না।
আব্দুর রউফ বলেন, তিনি জনগণের সন্তান হয়ে মানুষের পাশে থেকে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান। নির্বাচিত হলে অবহেলিত এই জনপদের সার্বিক উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল চালুসহ এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল এবং আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ।
জনসভায় পারুলিয়ার ১৭ জন যুবক বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পারুলিয়া বাসস্ট্যান্ড। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।
মোঃ হাফিজুল ইসলাম 














