জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর ০৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্ত হয়ে বড় ভাই ছানোয়ার হোসেন ছানু সওদাগরের জানাজায় অংশগ্রহন করেছেন।২৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩টার দিকে চার ঘণ্টার জন্য কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পরে তিনি বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়ায় নিজ বাড়ীতে পৌঁছে বড় ভাই ছানোয়ার হোসেন সানু সওদাগরের জানাজায় অংশ নেন। জানাজা শেষে বিকেল ৭টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
গতকাল বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সওদাগরের বড় ভাই ছানোয়ার হোসেন সানু সওদাগর (৬০)।
মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মত বড় ভাইয়ের জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে তার পরিবার। আবেদনের প্রেক্ষিতে কঠোর নিরাপত্তায় সাবেক মেয়রকে জানাজা মাঠে নিয়ে আসে পুলিশ।
জানা যায়, গত ১২ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই গণঅভ্যুত্থানের সময় রিপন হত্যা ও নাশকতার মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে জামালপুর জেলা কারাগারে রয়েছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, সাবেক মেয়রকে জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 









