জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসেরপাড়া গ্রামে বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
০৩ অক্টোবর (শুক্রবার) দুপুর ২.০০ ঘটিকারদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন ওই গ্রামে গিয়ে বিয়ে বাড়িতে হাজির হন এবং চলমান বাল্যবিবাহটি বন্ধ করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, খাসেরপাড়া গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের এক ছেলের পারিবারিকভাবে বিয়ের আয়োজন চলছিল। জাতীয় জরুরি সেবা ১০৯৮ এ খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এ ধরনের বিয়ে হলে কন্যাশিশুর জীবন ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। তাই যেকোনো অবস্থায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 









