সোহেল কবির, নিজস্ব প্রতিবেদক ঃ
রূপগঞ্জ উপজেলার অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিকেএমসি হসপিটাল লিঃ মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাবা ইমিন সুলতানা। জনস্বার্থে মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তারা চিকিৎসকদের দায়িত্ব পালন, রোগীদের চিকিৎসা পদ্ধতি, ওষুধ সরবরাহ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান, চিকিৎসা সেবার সময়ানুবর্তিতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় ডিকেএমসি হসপিটাল লিঃ-এর নির্বাহী পরিচালক জনাব নজরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক জনাব শামসুল আলম এবং হাসপাতাল ম্যানেজার জনাব খায়রুল আলম উপস্থিত ছিলেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন, জনগণের কাঁছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। তিনি রোগীদের প্রতি মানবিক আচরণ, চিকিৎসা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা, সময়মতো চিকিৎসা প্রদান এবং সেবার মান নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাবা ইমিন সুলতানা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি রোগীবান্ধব পরিবেশ আরও উন্নত করার জন্য নিয়মিত তদারকি ও সমন্বয়ের ওপর জোর দেন।
ডিকেএমসি হসপিটাল লিঃ-এর নির্বাহী পরিচালক জনাব নজরুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। উপজেলা প্রশাসনের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব হবে, যা স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদক এর নাম 














