জেলা প্রশাসকের বাংলোর দেয়াল থেকে ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিবাহী গ্রাফিতি হঠাৎ মুছে ফেলার ঘটনায় সাতক্ষীরায় শিক্ষার্থী ও সচেতন সমাজের মধ্যে তীব্র ক্ষোভের ঝড় উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে নিন্দা জানিয়ে লিখেছেন— “জুলাই আন্দোলনের ইতিহাস দেয়াল থেকে মুছে ফেলা হলো।” পোস্ট অফিস ও ফুড অফিস সংলগ্ন ডিসি বাংলোর দীর্ঘ দেয়ালে আঁকা এসব গ্রাফিতিতে ছিল স্বৈরাচারবিরোধী স্লোগান, মানবতার জয়ধ্বনি ও শিক্ষার্থীদের স্বপ্নের অভিব্যক্তি। এর মধ্যে— “ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর”, “৩৬-শে জুলাই”, “মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম” ইত্যাদি স্লোগান শহরের পথঘাটে আন্দোলনের স্মৃতি জাগিয়ে তুলেছিল। স্থানীয়রা জানান, এসব গ্রাফিতি কেবল দেয়ালের রঙ নয়; বরং ছিল সমাজ পরিবর্তনের আহ্বান ও ইতিহাসের সাক্ষ্য। হঠাৎ মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থীদের মনে দুঃখ ও ক্ষোভ দানা বেঁধেছে। সাবেক ছাত্রনেতা আরাফাত হোসাইন বলেন, “এটি শুধু একটি দেয়াল নয়, আমাদের ইতিহাস, স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। কর্তৃপক্ষ দ্রুত গ্রাফিতি পুনরায় অঙ্কনের ব্যবস্থা করবে।” তিনি আরও অভিযোগ করেন, “জুলাই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা যারা করছে, তারা প্রকৃত ফ্যাসিস্ট।” জুলাই আন্দোলনের প্রথম সংগঠক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, “জেলা প্রশাসন ইচ্ছাকৃতভাবে স্টেকহোল্ডারদের বিভক্ত করে আন্দোলনের মূল মূল্যবোধ ধ্বংসের পাঁয়তারা করছে।” এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সর্ব শেষ:
জুলাই গ্রাফিতি মুছে সাতক্ষীরায় ক্ষোভের ঝড়
-
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: - প্রকাশের সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- ১৭৩ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত















