জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদার মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
২২ ডিসেম্বর (সোমবার) বিকালে উপজেলা সহকারী রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুল আমিন বাদশা, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ, সাবেক বিএনপি নেতা মোতালেব সরকার, রাশিদুল হক রঞ্জু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা ইলিয়াস আজাদ, যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি হামিদুল ইসলাম, শ্রমিক আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান পলাশসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপি’র পদ বঞ্চিত অনেক সাবেক নেতাকর্মীকে দেখা গেছে।
জানা যায়, সাবেক ৪ বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রউফ তালুকদার বিএনপির এক সময় প্রভাবশালী নেতা ছিলেন। বিএনপি’র কমিটিতে পদ পদবী না পাওয়ায় ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। এক সময়ের বকশীগঞ্জের প্রভাবশালী নেতা ইসলামী আন্দোলনে যোগদানের পর থেকেই আলোচনায় শুরু হয়। তিনি যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-১ আসনে তাদের পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আব্দুল মজিদকে পরিবর্তন করে আব্দুর রউফ তালুকদারকে দলীয় প্রার্থী মনোনীত করে।
২১ ডিসেম্বর (রবিবার) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কার্যালয়ে উদ্বোধনকালে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ও জামালপুর জেলা কমিটির সভাপতি মুফতি মাওলানা মোস্তফা কামাল ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণা দেন।
ঘোষণার পরেই পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আব্দুল মজিদ নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান এবং আব্দুর রউফ তালুকদারের পাশে থেকে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাত পাখার মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আব্দুর রউফ তালুকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মৌওলানা রেজাউল করিম আমার প্রতি বিশ্বাস রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আমাকে হাতপাখা প্রতিকে মনোনীত করেছেন। ইসলামী আন্দোলন সরকার গঠন করে আগামী দিনে মানুষের সেবা করার জন্য চরাঞ্চল ও নদী ভাঙ্গন কবলিত এলাকায় নদী ভাঙ্গন রোধের প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তিনি আরো বলেন মুখরোচক বক্তব্য আর মানুষের সেবা করা এক জিনিস নয়। আগামী দিনে বাংলাদেশের ইসলাম কায়েমের জন্য এবং দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ অবহেলিত এলাকার উন্নয়ন অগ্রগতি বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমার দল ইসলামী আন্দোলন কাজ করে যাবে বলে সকলকে আশ্বস্ত করেন।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 















