হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ একের পর এক জঘন্য অপরাধে জড়িত পলাতক আসামি তাইজুল ইসলাম অবশেষে পুলিশের জালে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের বাবু বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় এএসআই রবিউল হক, এএসআই সাজেদুল ইসলাম তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, তাইজুল মূলত পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ২৬টি মামলা রয়েছে। সম্প্রতি সময়ের আলোচিত এই আসামির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। ওই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে সক্রিয় হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, তাইজুল দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে সন্ত্রাস, ডাকাতি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। সম্প্রতি তার অস্ত্রধারী একটি ছবি ভাইরাল হলে জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে, তাইজুলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছিল এবং ভীতি সৃষ্টি করছিল। তার গ্রেপ্তারকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
মতলব উত্তর থানা জানিয়েছে, গ্রেপ্তারকৃত তাইজুলকে শুক্রবার চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
ইসমাইল খান টিটু 









